মাদারীপুরের কালকিনিতে ৪ বছরের শিশুর সামনে নির্মমভাবে খুন হয়েছেন পাখি বেগম (২৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রী। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এনায়েতনগর ইউনিয়নের উত্তর মাঝের কান্দি গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পরদিন বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত পাখি বেগম সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে। তিনি একই গ্রামের শাহাদাত হাওলাদারের স্ত্রী।
হত্যার বিবরণ
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার রাতে রাতের খাবার শেষে পাখি বেগম তার চার বছরের শিশুসন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা তার ঘরের চালে ইটপাটকেল ছুড়ে মারে। শব্দ পেয়ে দরজা খুলে বাইরে তাকালে, ঘরে ঢুকে পড়ে একদল দুর্বৃত্ত। এরপর পাখি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। পাশেই ছিল তার ছোট সন্তান, যার চোখের সামনেই ঘটে এই নৃশংস ঘটনা।
শিশুটির কান্না শুনে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়।
জমি বিরোধে হত্যার অভিযোগ
নিহতের শাশুড়ি নাজমা বেগম জানান, দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই পাখি বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, হত্যার সময় পলি বেগম নিজ বাড়িতে ঢোল-তবলা বাজিয়ে উচ্চ শব্দে গান-বাজনা করছিলেন, যাতে হত্যাকাণ্ডের শব্দ বাইরে না যায়।
তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনায় পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারও জড়িত থাকতে পারেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যাচ্ছে না।
পুলিশের বক্তব্য
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে এবং অন্যান্যদের ধরতে অভিযান চলছে।”