কুষ্টিয়া থেকে ফরিদ আলী খান:
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক ধারাবাহিক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ নকল বিড়ি, গাঁজা ও ডেক্সোনা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানের মাধ্যমে বিজিবি আবারও প্রমাণ করলো সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা সর্বদা সক্রিয় এবং কঠোর অবস্থানে রয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৪ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) ভেড়ামারা উপজেলার বারমাইল বাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানঘরে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২১,৩০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজিডিও-৩০৯ সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজারমূল্য ১১,৭১,৫০০ টাকা।
এছাড়া, গত ২৩ জুলাই পৃথক দুটি অভিযানে বিজিবি আরও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করে।
প্রথম অভিযানটি পরিচালিত হয় রংমহল বিওপির আওতাধীন খাসমহল এলাকায়, যেখানে নায়েক স্বজল পালের নেতৃত্বে ভারতীয় ০.৬০০ কেজি গাঁজা এবং ৩০০০ পিস ডেক্সোনা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯,০২,১০০ টাকা।
অন্যদিকে, একই দিন রাতে তেঁতুলবাড়ী বিওপির তেঁতুলবাড়ী মাঠ এলাকা থেকে জেসিও-১০০৪৯ নায়েব সুবেদার মোঃ কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে ২০০০ পিস ডেক্সোনা ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬,০০,০০০ টাকা।
সর্বমোট তিনটি অভিযানে উদ্ধার হওয়া অবৈধ মালামালের সিজার মূল্য ২৬,৭৩,৬০০ টাকা।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত সকল মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যের মালিক শনাক্ত করা সম্ভব হয়নি। বিধি অনুযায়ী এগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের মাদক স্টোরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান আরও জোরদার হবে।