আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে ৬.০ মাত্রার এই ভূমিকম্পে নোরগাল জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এখন পর্যন্ত এ ঘটনায় ২৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জালালাবাদ শহরের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং এর উৎপত্তি হয় ভূগর্ভের মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের কিছু সময় পর ওই এলাকায় আরও দুটি আফটারশক অনুভূত হয়, যেগুলোর মাত্রা ছিল ৫.২।
ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়ে এবং রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হয়, ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে স্থানীয় প্রশাসন, সাধারণ মানুষ এবং সরকারের সহযোগী সংস্থাগুলো উদ্ধার কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিয়েছে যে, সব ধরনের সম্পদ ও সহায়তা কাজে লাগিয়ে দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, “দুঃখজনকভাবে পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে এই ভূমিকম্প প্রাণহানি এবং বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে।” তিনি আরও বলেন, কেন্দ্রীয় ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে সহায়তাকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে।
নানগারহার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আহতদের আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং জরুরি ভিত্তিতে রক্ত ও চিকিৎসা সরঞ্জামের চাহিদা পূরণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবিক সহায়তাকারী সংস্থাগুলোর সহায়তা প্রত্যাশা করছে দেশটির সরকার।