আফগানিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ভূমিকম্পটি আঘাত হানে হিন্দুকুশ পর্বতমালায়, যার মাত্রা ছিল ৬.২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (USGS) তথ্যানুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পনের কারণে বহু গ্রাম ধ্বংস হয়ে গেছে। কিছু এলাকায় ভূমিধসও দেখা দিয়েছে, যা উদ্ধার কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে। দুর্গম এলাকায় যাওয়ার রাস্তাগুলোর মধ্যে কয়েকটি পুনরায় চালু করা হয়েছে এবং বাকি পথ খুব দ্রুত খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও চিকিৎসা দেওয়ার কাজ দ্রুতগতিতে চলছে। ইউসুফ হাম্মাদ বলেন, “আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
আফগানিস্তান ভূমিকম্প-প্রবণ একটি দেশ। এটি কয়েকটি টেকটোনিক ফল্ট লাইনের উপর অবস্থিত, যেখানে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ ঘটে। এর ফলে প্রায়শই বড় ধরনের ভূমিকম্পের ঘটনা ঘটে।
এর আগে ২০২৩ সালে হেরাত অঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান অন্তত ১৪০০ মানুষ। ২০২২ সালে পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত হন প্রায় ১০০০ জন, আহত হন আরও কয়েক হাজার।
বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন করেছে আফগানিস্তান সরকার।