জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে রোববার (২১ সেপ্টেম্বর) রাতেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে থাকছেন চারজন রাজনৈতিক নেতা, যা সফরটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন ড. ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ২৬ সেপ্টেম্বর ভাষণ দেবেন এবং ২ অক্টোবর দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
ড. ইউনূসের সঙ্গে যে চারজন রাজনৈতিক নেতা যাচ্ছেন তারা হলেন—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ড. ইউনূস তার বক্তব্যে দেশের গত এক বছরে গৃহীত সংস্কারমূলক কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি তুলে ধরবেন।
এই সফরে ড. ইউনূস রোহিঙ্গা সংকট নিয়েও সরব থাকবেন। আগামী ৩০ সেপ্টেম্বর তিনি অংশ নেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে আয়োজিত ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মিয়ানমার’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ সভায়। সেখানে তিনি রোহিঙ্গা মুসলমান ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের বর্তমান অবস্থা এবং তাদের প্রত্যাবাসন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ঘিরে করণীয় এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার দ্বার খুলতে পারে। বিশেষ করে, বহুদলীয় প্রতিনিধিত্ব থাকা এই সফর কূটনৈতিক মহলে গুরুত্ব পাচ্ছে।
জাতিসংঘে এই ধরনের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একটি কূটনৈতিক সুযোগ, যেখানে বিশ্বনেতাদের সামনে দেশের ইতিবাচক পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।