সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট নিলাদ্রীর ঘাট এলাকা থেকে রোববার (২৫ আগস্ট) সন্ধ্যায় বিদেশি মদসহ আটককৃত এক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সদস্যের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাকমা গ্রামের পল্লি চিকিৎসক ইদ্রিস আলীর ছেলে আব্দুল কাদির জিলানীকে বিদেশি মদ বিক্রির সময় আটক করে পুলিশ। তবে আটক করার কিছুক্ষণ পর, ঘাট থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে কথিত ‘রফাদফা’র মাধ্যমে তাকে ছেড়ে দেন ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পে কর্মরত নায়েক লিপ্টু চন্দ্র দেব।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ক্যাম্পের কয়েকজন পুলিশ সদস্য মাদক কারবারিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা জানান, অভিযুক্তদের বিরুদ্ধে বারবার এমন অভিযোগ উঠলেও প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না।
অভিযোগের বিষয়ে নায়েক লিপ্টু চন্দ্র দেব বলেন, “আমি কিছুদিন জিলানীর সঙ্গে চলাফেরা করেছি, তবে লোকজন মাদক কারবারির সঙ্গে আমার সম্পর্ক নিয়ে সমালোচনা করায় এখন আর ওর সঙ্গে মিশি না। তাকে ধরার চেষ্টা চলছে।”
এদিকে ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পংকজ দাস বলেন, “রোববার সন্ধ্যার দিকে এক আসামিকে থানায় নিতে গিয়েছিল নায়েক লিপ্টু। তার আগে বা পরে সে আর কী করেছে, তা আমার জানা নেই।”
এ ঘটনায় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।