রাজধানীর অদূরে চন্ডীতলা এলাকায় শুক্রবার দুপুরে হঠাৎ করে আকাশে ভেসে উঠা কালো ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনেকে ধারণা করেন, কোনো বড় অগ্নিকাণ্ড হয়েছে হয়তো কোনো বাসা-বাড়ি, দোকান কিংবা সেতুর নিচে আগুন লেগেছে। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে।
দৈনিক টার্গেটের মাঠ পর্যায়ের প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে আসলে কোনো বাড়ি বা দোকানে আগুন লাগেনি। এলাকাবাসীর ভুল ধারণার কারণ ছিল চন্ডীতলার পাশের খোলা স্থানে জমে থাকা প্রচুর ময়লা-আবর্জনা। এগুলো পরিষ্কারের জন্য আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছিল। এ সময় ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে এবং দূর থেকে এটি বড় অগ্নিকাণ্ডের মতো মনে হয়।
প্রথমে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরে বিষয়টি স্পষ্ট হলে স্বস্তি ফিরে আসে। তবে এলাকাবাসীর অভিযোগ, এ ধরনের কাজের আগে কোনো ধরনের সতর্কতা বা ঘোষণা দেওয়া হয়নি। তারা মনে করেন, আগুন জ্বালানোর সময় নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখা দরকার, যাতে বড় কোনো দুর্ঘটনা না ঘটে।
বিশেষজ্ঞদের মতে, উন্মুক্ত স্থানে এভাবে আবর্জনা পোড়ানো পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে শুধু ধোঁয়াজনিত সমস্যা নয়, শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকি বাড়ে। তাই পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে।
ভুল তথ্য ও গুজব এড়াতে সঠিক তথ্য প্রচার এবং স্থানীয় প্রশাসনের সমন্বয় জরুরি। চন্ডীতলার সাম্প্রতিক ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে সামান্য অসতর্কতায় কীভাবে আতঙ্ক সৃষ্টি হতে পারে।
সূত্রঃ দৈনিক টার্গেট