রাজধানীর ধানমন্ডি এলাকায় মারিয়া (১২) নামের এক শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মারিয়ার বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আচুলা গ্রামে হলেও বর্তমানে তার বাবা-মা ঢাকার বসিলা এলাকায় বসবাস করছেন। মারিয়ার বাবার নাম মাসুদ।
ঘটনার বিষয়ে ফ্ল্যাটের বাসিন্দা গৃহকর্ত্রী নাসরিন সুলতানা জানান, দুপুরে তার গাড়িচালক বারবার কলিংবেল দিলেও বাসার দরজা খোলেনি মারিয়া। পরে তিনি বাসায় এসে দরজা খোলার পর গেস্ট রুমে ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় মারিয়াকে দেখতে পান। তখনও তার শরীর গরম ছিল। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি।
নাসরিন আরও জানান, চার মাস আগে মারিয়ার নানি বকুল তাকে ওই বাসায় কাজে দেন। তার আগেও বাসায় আরও একজন গৃহকর্মী থাকলেও গত দুই মাস ধরে মারিয়া একাই কাজ করছিল। নাসরিনের ধারণা, মারিয়া হয়তো বাসায় কাজ করতে আগ্রহী ছিল না, যার কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।
নিহতের নানি বকুল বলেন, “চার হাজার টাকা বেতনে মারিয়াকে কাজের জন্য দেই। হঠাৎ শুনি সে আত্মহত্যা করেছে। বিশ্বাসই হচ্ছে না।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।







