কুষ্টিয়া সদর উপজেলার দহকোলায় খুশি খাতুন (৩০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খুশি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের খয়েরচারা গ্রামের আমছের আলীর মেয়ে।
নিহত খুশি খাতুনের প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয় দহকোলা গ্রামের সেলিম হোসেনের সাথে। তাদের সংসারে দুই সন্তান রয়েছে- সাত বছরের ছেলে সোহান এবং পাঁচ বছরের মেয়ে ছাপা।
পারিবারিক সূত্রে জানা যায়, খুশি ও সেলিমের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত। ঘটনার রাতে সেলিম তার বড় ভায়রা তারিক মন্ডলকে ফোন দিয়ে খুশির মৃত্যুর খবর জানায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় নিহতের স্বামী সেলিম বর্তমানে পলাতক রয়েছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের পারিবারিক কলহই এ মৃত্যুর পেছনে প্রধান কারণ হতে পারে।