আগামী ২৮ সেপ্টেম্বর রোববার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব, চলবে ২ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত। দেবী দুর্গার আগমনী বার্তায় সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও পূজার প্রস্তুতি তুঙ্গে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাঁখারীবাজারে এখন উৎসবের শহর- রঙ, আলো, শব্দ আর মানুষের ভিড়ে মুখর প্রতিটি অলিগলি।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত শাঁখারীবাজার সরগরম। পূজামণ্ডপ সাজাতে দেবী দুর্গা ও তাঁর সন্তানদের পোশাক, অলংকার, প্রদীপ, ধূপকাঠি, সিঁদুরসহ নানা সামগ্রী কিনতে ব্যস্ত আয়োজকরা। সাধারণ মানুষও নতুন শাঁখা, পোশাক ও অলংকার কিনে নিচ্ছেন উৎসবের আমেজে।
দোকানে দোকানে সাজানো শাঁখা, প্রদীপ, ফুল-মালা, দেবীমূর্তি সাজানোর সামগ্রী—সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ। নারীরা শাঁখার মাপ মিলিয়ে কিনছেন, পুরুষরাও ব্যস্ত কেনাকাটায়। সন্ধ্যার পর আলোকসজ্জায় আলোয় ঝলমল হয়ে ওঠে পুরো বাজার, ভিড়ও বাড়ে কয়েকগুণ।
ব্যবসায়ীরা জানালেন, এ বছর বিক্রি বেশ ভালো। শাঁখা, সিঁদুর, ধূপ, ঠাকুরের মালা, কাঁসার সামগ্রীর চাহিদা বেশি। বাদ্যযন্ত্র মেরামতের দোকানগুলোতেও ব্যস্ততা তুঙ্গে।
পাশের তাতিবাজারেও বেড়েছে ভিড়। কেউ পুরোনো গয়না গলিয়ে বানাচ্ছেন নতুন ডিজাইন, কেউ কিনছেন সোনা-রুপার অলংকার।
শ্রাবণ্যনাথ ঠাকুরের কথায়, “শাঁখারীবাজার শুধু কেনাকাটার জায়গা নয়, দুর্গাপূজার আগমনী বার্তার প্রতীক। এখন পুরো বাজারটাই যেন এক মিনি দুর্গোৎসবে পরিণত হয়েছে।”