কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তি আটক হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ১৬ হাজার ৪০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
৩৪ বিজিবি কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে আটক করা হয়, যারা ইয়াবা পাচারে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটককৃতরা হলেন—
১. মো. জুবাইর (৫০), পিতা: সব্বির আহমেদ, গ্রাম: কায়ুকখালী পাড়া, ৩নং ওয়ার্ড, টেকনাফ।
২. মোহাম্মদ জোবাইর (২৮), রোহিঙ্গা, পিতা: নুরুল আলম, ক্যাম্প নং-০৮, ব্লক: ডব্লিউ-০৮, বালুখালী।
৩. ললিতা (৪০), রোহিঙ্গা, পিতা: মৃত সৈয়দ আহমেদ, ব্লক: সি-২২, লেদা রোহিঙ্গা ক্যাম্প।
বিজিবি সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা এখন ইয়াবা পাচারে কৌশল পরিবর্তন করেছে। সম্প্রতি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের ব্যবহার করে পাচারের ঘটনা বাড়ছে। তারা সাধারণ মানুষের সন্দেহ এড়াতে তৃতীয় লিঙ্গের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করছে। তবে বিজিবির কড়াকড়ি নজরদারিতে তারা ধরা পড়ছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা বিশেষ করে টেকনাফ মাদক পাচারের জন্য দীর্ঘদিন ধরে আলোচিত। মিয়ানমার সীমান্তঘেঁষা হওয়ায় এই অঞ্চলে বার্মিজ ইয়াবার প্রবেশ আশঙ্কাজনক হারে বাড়ছে। মাদক নির্মূলে বিজিবি, র্যাব ও পুলিশ নিয়মিত অভিযান চালালেও মাদক কারবারিদের অপতৎপরতা থেমে নেই।
মাদকবিরোধী অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সচেতন নাগরিক সমাজকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।