বগুড়ার সদর উপজেলা পরিষদের সামনে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. ফাহিম (১৯) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফাহিম সদর উপজেলার মাটিডালি দক্ষিণ নওদাপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা ফাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে সিএনজি অটোরিকশাযোগে সকাল ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সার্জারি বিভাগে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১২টার দিকে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্র আরও জানায়, নিহত ফাহিম একটি ঢালাই কারখানায় কাজ করতেন। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডে একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।