বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং কিংবদন্তি ওপেনার তামিম ইকবাল এবার নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন—ক্রিকেট প্রশাসনে। তিনি ঘোষণা দিয়েছেন, আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তামিম স্পষ্ট ভাষায় বলেন, “খুব ভালো সম্ভাবনা আছে এবার নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে যুক্ত। তাই কাউন্সিলর তো হবই।”
২০২৩ সালের পর থেকেই জাতীয় দলের জার্সি গায়ে চড়াননি তামিম। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। খেলোয়াড়ি জীবন শেষে এবার দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে অবদান রাখতে চান তিনি।
তবে সরাসরি বিসিবির সভাপতি পদে লড়তে হলে আগে পরিচালক হিসেবে নির্বাচিত হতে হবে, সেটি তামিম ভালোভাবেই জানেন। তাই প্রাথমিকভাবে সেই পর্যায়ে মনোযোগী হচ্ছেন তিনি।
এদিকে বিসিবির নির্বাচন ঘিরে বেশ কিছু গুঞ্জনও চলছে। শোনা যাচ্ছে, সম্ভাব্যভাবে ভোট পেছানো হতে পারে এবং গঠন হতে পারে একটি অ্যাড-হক কমিটি। সে ক্ষেত্রে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অন্তর্বর্তীকালীন সময় দায়িত্বে থাকতে পারেন এবং পরবর্তীতে আবারও সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
তবে এসব আলোচনা ছাপিয়ে বিসিবি বারবার আশ্বস্ত করেছে যে, নির্বাচন নির্ধারিত সময়েই হবে। আগামী সোমবার সিলেটে অনুষ্ঠিতব্য বোর্ড সভায় এই বিষয়ে চূড়ান্ত রোডম্যাপ প্রকাশের সম্ভাবনা রয়েছে।
একসময়ের মাঠ কাঁপানো ব্যাটসম্যান এবার মাঠের বাইরেই নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছেন। তামিম ইকবালের এই নতুন যাত্রা দেশের ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন অনেকে।