বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে কুখ্যাত ডাকাত দলের চার সদস্য, এক মাদক ব্যবসায়ী ও এক কিশোর গ্যাং সদস্যসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। অভিযানে উদ্ধার হয়েছে দেশীয় অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে কোস্ট গার্ড বিসিজিএস স্বাধীন বাংলা-এর নেভিগেটিং কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টার দিকে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খালে অভিযান চালানো হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে ছোট সুমন বাহিনীর চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, চার রাউন্ড তাজা গুলি ও চার রাউন্ড ফাঁকা গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলো- খুলনার বিল্লাল হোসেন (২৫), রবিউল শেখ (৩২), জিন্নাত হাওলাদার (৩৫) ও বাগেরহাটের কালাম গাজী (২৪)। দীর্ঘদিন ধরে তারা সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সঙ্গে সক্রিয়ভাবে ডাকাতি ও অস্ত্র সরবরাহে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
অপরদিকে, একই রাত ২টার দিকে কোস্ট গার্ড সদস্যরা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার টাকা মূল্যের ৫০ পিস ইয়াবা, নগদ ১৭ হাজার ৫৮০ টাকা এবং একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
এছাড়া শনিবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথবাহিনী খুলনার লবণচরা এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থানে অভিযান চালায়। সেখানে একটি কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র, প্রায় ২০০ গ্রাম গাঁজা এবং নগদ ৬ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, আটককৃত ডাকাত, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অভিযান শেষে লেফটেন্যান্ট খালেদ সাইফুল্লাহ বলেন- দেশের উপকূলীয় এলাকা ও সুন্দরবনকে মাদক ও দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।