দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন স্বর্ণের দাম ঘোষণা করেছে, যা আজ (রোববার) থেকে কার্যকর হয়েছে। নতুন দামের তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ হাজার ৬৬৮ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায়। এর আগে এ দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামার প্রভাব বাংলাদেশেও সরাসরি পড়ে। ফলে স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নতুন মূল্য নির্ধারণ করা হয়।
২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা, ২১ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা
এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরি দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ, প্রতিটি ধরণের স্বর্ণেই ভরিপ্রতি ১ থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি ঘটেছে।
স্বর্ণের দাম বেড়ে গেলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বাজুস জানিয়েছে, আগের ঘোষিত দামে রুপা বিক্রি হবে।
২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা
আর সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ১ হাজার ৫৮৬ টাকা অপরিবর্তিত থাকছে।
সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক অর্থনৈতিক অস্থিরতা, ডলারের দাম বৃদ্ধি এবং ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায়শই পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশেও এর প্রভাব সরাসরি পড়ছে। ক্রেতা ও খুচরা ব্যবসায়ীদের মতে, দাম বাড়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণ। তবে বিনিয়োগকারীদের জন্য এটি নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, স্বর্ণের দামের এই ধারা সাময়িক হলেও বাজারে প্রভাব দীর্ঘমেয়াদে টের পাওয়া যাবে। অন্যদিকে রুপার দাম স্থিতিশীল থাকায় এ বাজারে ক্রেতাদের কিছুটা স্বস্তি বজায় রয়েছে।
এভাবেই স্বর্ণের বাজারে নতুন দাম কার্যকর হওয়ার পর সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী—সবার মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।