জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নিজস্ব অর্থায়নে এই ক্যামেরাগুলো সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “নির্বাচন চলাকালীন সময়ে পুলিশের কার্যক্রম স্বচ্ছভাবে পর্যবেক্ষণের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা প্রয়োজন হবে। বিষয়টি বৈঠকে উত্থাপন করা হলে আমরা এর অনুমোদন দিই। দ্রুত এই ক্যামেরাগুলো সংগ্রহ করা হবে।”
তিনি আরও জানান, ক্যামেরাগুলোর ক্রয় প্রক্রিয়া পরিচালনা করবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। কেন ইউএনডিপির মাধ্যমে কেনা হবে— সে প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, “যেভাবে আমরা টিকা আনতে ইউনিসেফকে দায়িত্ব দিই, ঠিক তেমনভাবেই এই বডি ক্যামেরাগুলোর ক্ষেত্রেও মান ও দামের নিশ্চয়তা দিতে ইউএনডিপি-কে দায়িত্ব দেওয়া হচ্ছে। এতে করে কোনো ধরনের দরপত্র বা দর-দাম নিয়ে জটিলতা তৈরি হবে না।”
এছাড়া, প্রকল্পের অর্থায়ন নির্বাচন সংক্রান্ত সরকারি বাজেট থেকেই করা হবে বলে জানান তিনি। তবে ঠিক কত টাকা খরচ হবে, তা এখনও নির্ধারিত হয়নি।
ড. সালেহউদ্দিন আরও বলেন, “এই ক্যামেরাগুলো নির্বাচন কমিশনের নয়, সরাসরি পুলিশের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। নির্বাচন ঘিরে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”