কুষ্টিয়ার ভেড়ামারায় চার মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিদ্যুৎ বিভাগের দুই কর্মীর ওপর গুলি ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারার মাধবপুর গ্রামের তাজমল হোসেন পল্লী বিদ্যুতের আবাসিক গ্রাহক। দীর্ঘ চার মাসের বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বারবার নোটিশ দেওয়ার পর সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান সোহাগ মিয়া ও রাহুল তার বাড়িতে গিয়ে নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করেন।
এসময় ক্ষুব্ধ হয়ে গ্রাহকের ছেলে আব্দুর রহিম ঘর থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র বের করে টানা দুই রাউন্ড গুলি ছোড়ে। যদিও গুলিগুলো লক্ষ্যভ্রষ্ট হয়। পরে তিনি লাইনম্যান সোহাগ মিয়াকে ধরে বেধড়ক মারধর করে গুরুতর জখম করেন। স্থানীয়রা খবর দিলে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আহত সোহাগ মিয়াকে উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভেড়ামারা জোনাল অফিসের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, “চার মাসের বকেয়া বিল পরিশোধ না করায় নিয়ম মেনে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু গ্রাহকের ছেলে আব্দুর রহিম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিদ্যুৎ কর্মীদের ওপর গুলি চালায় ও মারধর করে আহত করে। দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে জানানো হয়েছে।”
পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) এফ এম সাইদুর রহমান বলেন, “এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। হামলাকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।”
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “বিদ্যুৎ কর্মীদের ওপর হামলার ঘটনায় আব্দুর রহিম নামে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি বর্তমানে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।