ছোট পর্দার জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। এক সময়ের ব্যস্ততম এই অভিনেত্রী এখন বেছে বেছে কাজ করছেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সরব উপস্থিতি আজও চোখে পড়ে। জীবনের নানা অনুভূতি, অভিজ্ঞতা এবং উপলব্ধি প্রায়ই তিনি শেয়ার করেন নিজের ফেসবুক বা ইনস্টাগ্রামে। তবে এর জের ধরেই মাঝে মাঝেই নানা কটাক্ষ, তির্যক মন্তব্যের মুখোমুখি হতে হয় এই অভিনেত্রীকে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে প্রভা প্রকাশ করেন, কীভাবে ‘মজার ছলে’ বলা কিছু কথাও তার মনে গভীর আঘাত হানে। তিনি লেখেন, “কেউ যখন হেসে হেসে খোঁচা মেরে কথা বলে, আমিও তার সঙ্গে হাসি। যেনো বুঝিয়ে দেই, আমার খারাপ লাগেনি। কিন্তু সত্যি কথা হলো, খারাপ লাগে।”
তিনি আরও লেখেন, “কখনো কখনো এমন কথা শুনলে, মুখে হাসি থাকলেও বুকের ভেতরে যেন ভাঙচুর শুরু হয়। খোঁচা দেওয়া মানুষগুলো বুঝতেই পারে না, তাদের ভেতরের কুৎসিততা কেমন কষ্ট দেয় অন্যকে।”
প্রভার এই স্ট্যাটাস সামাজিক মাধ্যমে বেশ আলোচিত হয়েছে। অনেকেই তার প্রতি সহানুভূতি জানিয়ে মন্তব্য করেছেন, আবার অনেকে তার এই স্পষ্টবাদিতার প্রশংসা করেছেন।
প্রথমবার বড় পর্দায়
সামাজিক মাধ্যমে আবেগ প্রকাশের পাশাপাশি পেশাগত জীবনেও একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন প্রভা। দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করার পর এবার প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তাও একসঙ্গে দুটি সরকারি অনুদানের সিনেমায়!
একটি সিনেমার নাম ‘দুই পয়সার মানুষ’, যেটি পরিচালনা করছেন ঝুমুর আসমা জুঁই। অন্যটি হলো ‘দেনা-পাওনা’, যা নির্মিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে। এটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।
বর্তমানে এই দুই সিনেমার শুটিং নিয়েই ব্যস্ত সময় পার করছেন প্রভা। নাট্যাঙ্গনে তার অভিনয়ের মুন্সিয়ানা বহু আগেই প্রমাণিত হলেও বড় পর্দায় তাকে দেখা যাবে নতুন আলোকে এ নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে।
চলছে নতুন পথে যাত্রা
প্রভা বরাবরই নিজের মতো করে চলেন। ব্যক্তিজীবনের নানা উত্থান-পতনের মধ্যেও অভিনয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এখন চলচ্চিত্রের মাধ্যমে তার ক্যারিয়ারে নতুন বাঁক আসছে বলেই মনে করছেন অনেকে।
ভক্তরা আশাবাদী, প্রভার এই নতুন যাত্রা শুধু তার জন্যই নয়, বাংলা চলচ্চিত্রের জন্যও একটি ইতিবাচক সংযোজন হবে।