বলিউডের আলোচিত দম্পতি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা আবারো আইনি জটিলতায় জড়িয়েছেন। সম্প্রতি বিনিয়োগের নামে অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে মুম্বাই পুলিশ। অর্থনৈতিক অপরাধ দমন শাখা (EOW) এই মামলার তদন্ত করছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের ব্যবসায়ী দীপক কোঠারি অভিযোগ করেছেন যে, শিল্পা-রাজ দম্পতি তাদের বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর ব্যবসা সম্প্রসারণের অজুহাতে তার কাছ থেকে প্রায় ৬০ কোটি রুপি নিয়েছেন। অভিযোগে বলা হয়, ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে এই অর্থ নেওয়া হয়। প্রথমদিকে টাকাটি ঋণ হিসেবে গ্রহণ করা হলেও পরে সেটিকে বিনিয়োগ হিসেবে দেখানো হয়। এতে কর ফাঁকি দেওয়া সহজ হয় এবং ব্যবসায়িকভাবে কোঠারির সাথে প্রতারণা করা সম্ভব হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, দম্পতি প্রকৃতপক্ষে ব্যবসা সম্প্রসারণে অর্থ ব্যবহার না করে ব্যক্তিগত খরচেই বিপুল অংকের টাকা ব্যয় করেছেন। এ কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আইনগত প্রতিকার চাইতে আদালতের দ্বারস্থ হন।
এদিকে, শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা নিজেদের নির্দোষ দাবি করেছেন। এক বিবৃতিতে তারা অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিদ্বেষপ্রসূত’ বলে উল্লেখ করেন। তাদের বক্তব্য, এই মামলা শুধুমাত্র তাদের সামাজিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে।
অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তরা দেশ ত্যাগ করতে না পারে সে জন্যই তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিল্পা ও রাজ কুন্দ্রাকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
উল্লেখ্য, এর আগেও রাজ কুন্দ্রা একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে ২০২১ সালে পর্নোগ্রাফি কনটেন্ট প্রযোজনা ও বিতরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যা দীর্ঘদিন আলোচনায় ছিল। তবে সেই মামলায় পরবর্তীতে জামিন পান তিনি।
বর্তমানে বলিউডে শিল্পা শেঠি অভিনয় চালিয়ে গেলেও, তার স্বামী রাজ কুন্দ্রা ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে বরাবরই সমালোচিত। নতুন এই মামলার ফলে আবারো তারা সংবাদ শিরোনামে উঠে এসেছেন।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত শিল্পা-রাজ দম্পতির ভবিষ্যৎ আইনি অবস্থান কী হবে, তা নিয়ে বলিউডের ভক্ত ও ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।